ছাতক প্রতিনিধি
ছাতকে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের উপকার করে আসছেন। এসব কাজে সাংবাদিকদের নিজের কোন স্বার্থ থাকে না। নিঃস্বার্থভাবে কাজ করতে গিয়ে সমাজ ও রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত হয়ে আসছে সাংবাদিক সমাজ। স্বাস্থ্যবিভাগের দুর্নীতি তুলে ধরতে গিয়ে আমলাদের রোষানলে পড়তে হয়েছে রোজিনা ইসলামকে। তাকে মিথ্যা অভিযোগে হেনস্থা করে ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে’ মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ব্রিটিশ শাসনামলে তাদের নিজের স্বার্থে করা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইন সাংবাদিক রোজিনা ইসলামের উপর প্রয়োগ করা হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছেন সাংবাদিকরা।
ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, আলাউদ্দিন, তমাল পোদ্দার, সদরুল আমিন, হাবিবুর রহমান নাছির, সুজন তালুকদার, আব্দুস ছালাম, সেলিম মাহবুব, মাহমুদুল হাসন মিসবাহ, আলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
- সাবেক সাংসদ আব্দুজ জহুর’র মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
- সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন


