ছাতক প্রতিনিধি
ছাতকে টাকার বিনিময়ে সিম রেজিষ্ট্রেশনের প্রতিবাদ করায় টেলিকম ব্যবসায়ি ও কাস্টমার কেয়ারের লোকজনের মধ্যে সংঘর্ষে দুইজন আহত ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে জাউয়াবাজারের ডা. রইছ মিয়া মার্কেটে এই ঘটনা ঘটে। আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জাউয়া ও খিদ্রাকাপন গ্রামবাসীর মধ্যে বিরাজ করছে টান-টান উত্তেজনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটে খিদ্রাকাপন গ্রামের হিরক মিয়া তালুকদারের মালিকানাধীন বন্ধন টেলিকমে দু’টি সিম রেজিষ্ট্রেশন করতে যায় ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রামের আব্দুল মালিকের পুত্র নজরুল ইসলাম। ৪০ টাকায় দুটি সিম রেজিষ্ট্রেশন করতে সম্মত হয়ে দোকানদার হিফজুর রহমানকে ৫০ টাকার
নোট দেয় কাস্টমার নজরুল ইসলাম। এসময় একটি সিম রেজিষ্ট্রেশন করে এবং বাকী ১০ টাকাসহ অপর সিমটি পরে রেজিষ্ট্রেশন করে দেয়ার কথা বলে কাস্টমারকে বিদায় দেয় হিফজুর রহমান। কাস্টমার নজরুল ইসলাম বিষয়টি তার ভাগনা জাউয়া গ্রামের আতিকুর রহমানের পুত্র আসাদুর রহমানকে জানালে টাকা নিয়ে সিম রেজিষ্ট্রেশন করার বিষয় নিয়ে দোকানদার হিফজুরের সাথে মামা-ভাগনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দোকানদার ও দোকানের কর্মচারীরা মিলে মামা-ভাগনেকে বেধরক মারপিট করে। এতে আহত আসাদুর রহমান ও নজরুল ইসলামকে কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে মামা আসাদুর রহমানের লোকজন মার্কেটে এসে বন্ধন টেলিকমে ভাংচুর চালায়। এসময় বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাউয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। বাজারে পুলিশ টহল জোরদার করা হয়েছে।


