ছাতক প্রতিনিধি
ছাতকে দ্বৈত পেশায় কর্মরত এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা-মোকদ্দমাসহ একাধিক অভিযোগ রয়েছে। দ্বৈত পেশার কারণে বিদ্যালয়ে অনিয়মিত থাকার অভিযোগও রয়েছে এ শিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে গত ৯ অক্টোবর স্থানীয় লোকজন সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ছৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন শিক্ষকতার পাশাপাশি একই সাথে সুনামগঞ্জ আদালতে আইন পেশায় জড়িত রয়েছেন। ফলে প্রায়ই তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। কিন্তু বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও বিদ্যালয়ের নিয়মিত হাজিরা খাতায় রয়েছে তাঁর স্বাক্ষর।
উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র বশির উদ্দিন ২০০০ সালের ২ এপ্রিল থেকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে তিনি শিক্ষকতা শুরু করেন। ছৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাসহ বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে এ শিক্ষকের বিরুদ্ধে। বশির উদ্দিন আইনজীবি হিসেবে ২০১০ সালের ২৫ ডিসেম্বর জেলা আইনজীবি সমিতিতে যোগদান করে আইন পেশার সাথেও জড়িত হন। সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির ওকালত নামায় ২৯৫ নং তালিকায় বশির উদ্দিনের নাম অন্তর্ভূক্ত রয়েছে। বিগত সময়ে বিএনপির ডাকা হরতাল-অবরোধে সক্রিয় ছিলেন বশির উদ্দিন। সরকার বিরোধী আন্দোলন সক্রিয় থাকায় এসময় তার বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলাও রুজু করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে মারামারি-লুটপাটের একাধিক মামলাও আদালতে বিচারাধীন রয়েছে। শিক্ষক বশির উদ্দিনের পিতার প্রকৃত নাম নিয়েও এলাকায় রয়েছে জল্পনা কল্পনা। মামলার কাগজপত্রে বশির উদ্দিনের পিতার নাম ইছাক আলী লেখা থাকলেও একাডেমিক সার্টিফিকেটে তার পিতার নাম হারিছ আলী ব্যবহার করা হয়েছে।
স্থানীয় একাধিক লোকজন জানান, শিক্ষক বশির উদ্দিন মুলত দক্ষিন খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের বাসিন্দা মৃত ইছাক আলীর পুত্র।
এ ব্যাপারে শিক্ষক বশির উদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, তার পিতার নাম হারিছ আলী ওরফে ইছাক আলী যা জাতীয় পরিচয় পত্রে লিপিবদ্ধ রয়েছে। জেলা আইজীবি সমিতির তালিকাভুক্ত থাকলেও পেশায় জড়িত নন তিনি।


