ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুস ছালাম (৩০) নামের এক কলেজ প্রভাষকের মৃত্যু এবং এইচএসসি পরীক্ষার্থী ছাদিক মিয়া (১৮) আহত হয়েছে।
আহত ছাদিক মিয়াকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকারভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্ধ করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালাম উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের আলাই মিয়ার পুত্র এবং জাউয়াবাজার ডিগ্রি কলেজের অর্থনীতির প্রভাষক। আহত ছাদিক মিয়া একই গ্রামের মানিক মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে বড়কাপন থেকে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে যাওয়ার সময় বোকারভাঙ্গা স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে চালক এইচএসসি পরীক্ষার্থী ছাদিক মিয়া ও আরোহী প্রভাষক আব্দুস ছালাম উভয়ই গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে আহতদের কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রভাষক আব্দুস ছালামকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত এইচএসি পরীক্ষার্থী ছাদিক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জয়কলস হাইওয়ে থানার ওসি সেলিম আহমদ দুর্ঘটনায় হতাহতের কথা স্বীকার করেছেন।


