ছাতকে হাদা টিলায় পাথর উত্তোলন বন্ধে তদন্ত কমিটি পাথরসহ নৌকা জব্দ

ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের হাদা টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে সহকারী কমিশিনার (ভূমি) কে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাদা টিলার সরকারি বনায়ন প্রকল্প ও পরিবেশ রক্ষায় আইনী পদক্ষেপ হিসেবে এ কমিটি গঠন করা হয়।
হাদা টিলায় দীর্ঘ দিন ধরে স্থানীয় একটি পাথরখেকো চক্র টিলা কেটে পাথর উত্তোলন করছে। ফলে ধ্বংস হচ্ছে টিলা, বিট-ফরেস্ট বিভাগের সরকারি বনায়ন প্রকল্প ও নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। টিলা কেটে পাথর উত্তোলনের ফলে বনায়ন প্রকল্পের    শত-শত গাছ মারা যাচ্ছে। বিশাল হাদা টিলা জুড়ে রয়েছে সরকারি বনায়ন। এ বনায়ন প্রকল্পে সরকারি কয়েক হাজার মূল্যবান গাছ প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা।
অপরদিকে পাথর খেকোচক্রের আগ্রাসনে গাছ ও টিলা উভয়ই ধবংস হচ্ছে। শতাধিক শ্রমিক টিলা কেটে পাথর উত্তোলন করে বারকি নৌকা, বাল্কহেড ও ট্রলিগাড়ি পরিমাপে প্রতিদিনই বিক্রি করছে। সম্প্রতি এ সংক্রান্ত বিষয়ে সংবাদ আকারে জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে পড়ে।
গত ২২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিনকে আবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিট-বন কর্মকর্তা সালাউদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ ও ওয়ার্ড মেম্বার।
২৩ আগস্ট তদন্ত কমিটির আহবায়ক ও সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে হাদাটিলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পাথর উত্তোলনকারী শ্রমিকরা পালিয়ে গেলেও এসময় প্রায় দু’শ ঘনফুট পাথরসহ একটি কাঠবডির ইঞ্জিন চালিত নৌকা জব্দ হয়।