জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকে স্কুল ছাত্রী অপহরণের ২০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার বা এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপহিৃতা ঐ স্কুল ছাত্রী বেঁচে আছে কি না, তাকে উদ্ধার করা সম্ভব কি না তা নিয়ে অপহিৃতার পিতা-মাতা এবং পরিবারের মধ্যে হতাশা দিন দিন ক্রমেই বেড়ে চলেছে। অপহিৃতার
পরিবারের অভিযোগ অদৃশ্য কারণে পুলিশ এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। একটি প্রভাবশালী মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে বলে তাদের অভিযোগ।
জানা যায়, গত ২০ নভেম্বর উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের কিশোরী এবং মুনিরজ্ঞাতী উচ্চ বিদ্যালয়ের জে.এস.সি পরীক্ষার ফল প্রত্যাশী স্কুল ছাত্রীকে জাউয়া বাজার থেকে দুপুরে অপহরণ করা হয়। এ ঘটনায় পরদিন অপহিৃতার মাতা বাদি হয়ে ছাতক থানায় অপহরণের একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিবে বলে পুলিশ বাদিকে আস্বস্থ করে। কিন্তু ৬ -৭ দিন পর পুলিশ এজাহার পরিবর্তন করার জন্য বাদিকে পরামর্শ দেয়। এরপর এজাহার পরিবর্তন করে গত ১ ডিসেম্বর ওই স্কুল ছাত্রীর মা পুনরায় অপহরণের অভিযোগ দাখিল করেন। এরই মধ্যে গত হয়ে যায় আরো ৪ থেকে ৫ দিন। পুলিশ অপহৃতাকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণ না করে আবারো এজাহার পরিবর্তনের জন্য ছাত্রীর মাকে নির্দেশ দেয়।
এ ঘটনায় গত ৮ ডিসেম্বর ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং- ১৩ (১২) (১৬) নথিভুক্ত হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মিয়া জানান, অপহিৃতাকে উদ্ধারের এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু স্থানে অপহৃতাকে উদ্ধার এবং ঘটনাকারীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। আসামীরা আত্মগোপনে থাকায় গ্রেফতারে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।


