স্টাফ রিপোর্টার
ছাতক পৌরসভা এলাকায় মধ্য দিয়ে চলাচলকারী অটোরিকশা, বেবি টেক্সী, টেম্পু, সিএনজি হতে কর আদায় বন্ধ করা প্রসঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।
শ্রমিক ইউনিয়নের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ গত ১ জুন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এই লিগ্যাল নোটিশ দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় গত ৯ জুন লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন বলে জানা গেছে। জেলা অটো টেম্পু, অটোরিকশা, বেবি টেক্সী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া ও সদস্য মো. ইজ্জাদ আলীর পক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন আইনজীবী মনজিল মোরশেদ।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার পৌরসভা) আইন ২০১৫ অনুসারে পৌরসভা কর্তৃপক্ষ অটো টেম্পু, অটোরিকশা, বেবি টেক্সী ও সিএনজির কাছ থেকে কোন ধরনের ট্যাক্স, কর বা টাকা আদায় করতে পারেন না। কিন্তু ছাতক পৌরসভা কর্তৃপক্ষ বেআইনী ও অবৈধভাবে কর আদায় করছেন। ছাতক পৌরসভা কর্তৃপক্ষকে ইতিপূর্বে কর আদায় বন্ধের জন্য অনুরোধ করা হলে তারা কর আদায় বন্ধ করেন নি। তাই আগামী ৭দিনের মধ্যে ছাতক পৌরসভা এলাকায় কর আদায় বন্ধের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আইনজীবী মনজিল মোরশেদ। অন্যথায় আইনী পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করা হয় ওই লিগ্যাল নোটিশে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘ছাতক পৌরসভা এলাকায় ছোট যানবাহন থেকে কর আদায় বন্ধ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কোন আইনজীবীর লিগ্যাল নোটিশ এখনও আমি পাইনি। নোটিশ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘লিগ্যাল নোটিশটি ছাতক পৌরসভায় পাঠিয়ে দেয়া হয়েছে। পৌরসভা যদি স্টেশন করে দিয়ে সার্ভিস দেয়, তাহলে তারা নির্ধারত হারে কর নিতে পারে। তবে এখন পর্যন্ত ছাতক পৌরসভা কোন কর নিচ্ছে না এবং এ ধরনের কোন অভিযোগও পাওয়া যায়নি।’


