ছাতক প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ইউজিপ-৩ এর মাধ্যমে ছাতক পৌরসভায় ৪টি প্যাকেজে একযোগে ২৬ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে। প্রতিষ্ঠার পর পৌরসভার উন্নয়ন ক্ষেত্রে এক সাথে এটিই সবচেয়ে বৃহৎ উন্নয়ন কার্যক্রম বলে পৌর কর্তৃপক্ষ দাবি করেছেন। চলতি অর্থ বছরে প্রায় ১২ কোটি টাকার আরো ১৫টি প্রকল্প প্রস্তাব আকারে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। ৪টি প্যাকেজের মধ্যে রয়েছে প্রায় ১৭ কি.মি. দীর্ঘ ৩৯টি পাকা সড়ক ও প্রায় ১১ কি.মি. দীর্ঘ ৪০টি পাকা ও প্রশস্ত ড্রেন। পৌরসভার ৯টি ওয়ার্ডেই উন্নয়ন কাজ চলছে। এসব পাকা রাস্তা ও ড্রেন সম্পন্ন করতে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ১০লক্ষ ২৪ হাজার ৪৫৭ টাকা। ফলে নগরবাসীর নাগরিক সেবা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ওয়েলকাম গেট, শিববাড়ী ঘাটলা, নোয়রাই পাটনীপাড়া ঘাট, রেলওয়ে কলোনী সংলগ্ন পয়েন্ট সৌন্দর্য্য বর্ধন, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের লাকি কমিউনিটি সেন্টার সংলগ্ন মোড় সৌন্দর্য বর্ধন, ফকির টিলা সুরমা নদীতে ঘাট নির্মাণ, নোয়ারাই মাছবাজারের সুরমা নদীতে ঘাট নির্মাণ, ছাতক সিমেন্ট কারখানা ঘাট নির্মাণ, ছাতক বাজার সুরমা নদীর তীরে চৌধুরী ঘাট নির্মাণ, ছাতক বাজার সুরমা নদীর তীরে চাউল হাটা ঘাট নির্মাণ, শহরের সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটে ঘাটলা নির্মাণ, শহরের মহাপ্রভুর আখড়া সংলগ্ন কালভার্ট নির্মাণ, তাঁতিকোনা মসজিদ সংলগ্ন কালভার্ট নির্মাণ, বাঁশখলা মসজিদ সংলগ্ন ব্রীজসহ ১৫ প্রকল্প প্রস্তাব আকারে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন।
৪নং ওয়ার্ডের কাউন্সলর ধনমিয়া, ৭ নং ওয়ার্ডের কাউন্সলর তাপস চৌধুরী জানান, তাদের ওয়ার্ডে আরসিসি সড়ক ও ড্রেনের কাজ প্রায় শেষের পথে। এক সঙ্গে এতো উন্নয়নমূলক কাজ এর আগে কখনোই হয়নি। নিজে কাজের পাশে থেকে শতভাগ কাজ আদায় করতে সক্ষম হয়েছেন বলে তারা দাবি করেছেন। প্রকল্প বরাদ্দ দেয়ায় কাউন্সলরবৃন্দ ইউজিপ-৩ এর সকল পর্যায়ের কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রস্তাবিত প্রকল্পে নতুন বরাদ্দ প্রদানেরও দাবি জানিয়েছেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী প্রদীপ রায় উন্নয়ন কাজের গুণগত মান উল্লেখ করে জানান, ‘পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে কাজ আদায় করে নেয়া হচ্ছে।’
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী জানান, ছাতকে অত্যাধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করতে ইউজিপ-৩ প্রকল্পের সহায়তায় এক যোগে ৯টি ওয়ার্ডেই উন্নয়ন কাজ চলছে। ইতিমধ্যেই কাজের শতকরা ৬০ভাগ সম্পন্ন হয়েছে। বাকী কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেয়া হয়েছে। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন হলে পৌর নাগরিকসহ প্রায় দেড় কোটি মানুষ এর সুবিধা ভোগ করতে পারবে। এ ছাড়া সুরমা নদীর তীরে রিভার বোট ল্যান্ডিং ও রিভারভিউ স্থাপনসহ আরো ১৫টি বিভিন্ন প্রকল্প প্রস্তাব আকারে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল সোনার বাংলা প্রতিষ্ঠায় তিনি ও তার পরিষদ বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেছেন।
- বিশ্বম্ভরপুরের কাপনা ও গুচ্ছগ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন
- ছাতক-দোয়ারায় প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে -মানিক


