ছাতক প্রতিনিধি
ছাতক সিমেন্ট কারখানা আবাসিক এলাকায় চোরের উপদ্রব মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে বাসাবাড়িসহ আবাসিক এলাকার প্রচুর গ্যাস পাইপ চুরি হয়ে গেছে। চোরেরা সংযোগকৃত লাইন থেকে পাইপ খুলে নিয়ে গেছে। প্রতিদিনই কারখানার কোন না কোন এলাকায় চুরি সংঘটিত হচ্ছে। গ্যাস লাইনের পাইপ চুরি হওয়ার ফলে আবাসিক এলাকার অন্তত অর্ধশতাধিক পরিবার গৃহস্থালী কাজে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। কারখানা কর্তৃপক্ষ গ্যাস পাইপ চুরি হওয়ায় পড়েছে বিব্রতকর অবস্থায়। আবাসিক এলাকার বসবাসরত পরিবারের দুর্ভোগ লাঘব করতে কারখানা কর্তৃপক্ষ প্লাষ্টিকের পাইপে গ্যাস সংযোগ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। কিন্তু প্লাষ্টিকের পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেয়ার বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে অনেকেই মন্তব্য করেছেন। এদিকে কারখানাতে সার্বক্ষণিক সিকিউরিটি থাকা অবস্থায় আবাসিক এলাকার গ্যাস পাইপ চুরি যাওয়ার বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছেন কারখানার সাধারণ শ্রমিকরা। গত কদিনে আবাসিক এলাকার ব্যাচেলর ও শ্মশান বিল্ডিংয়ের প্রায় দেড় শ’ ফুট পাইপ চুরি হয়েছে। গত ১৬ মে কারখানার কর্মচারী কুমারেশ চন্দের বাসায় ঘটেছে ডাকাতির ঘটনা।


