ছাতক সিমেন্ট কারখানা হাসপাতালে ডাক্তারের অপেক্ষায় রোগীর মৃত্যু

ছাতক প্রতিনিধি
ডাক্তার আসার আগেই রোগী মারা গেল এ প্রবাদটি যথাযতভাবে প্রমাণীত হয়েছে ছাতক সিমেন্ট কারখানা হাসপাতালে। প্রাইভেট চিকিৎসায় ব্যস্ত থাকায় হাসপাতালে রোগী সাড়ে ৩ ঘণ্টা ডাক্তারের অপেক্ষা করে মৃত্যুর কোলে ঢলে পড়েন রুহুল আমিন (৪৫) নামের এক রোগী।
রোববার ৩ টা ২০ মিনিটের সময় ছাতক সিমেন্ট কারখানা হাসপাতালে এই ঘটনা ঘটে। রুহুল আমিন পৌর শহরের নোয়ারাই-ইসলামপুর এলাকার মৃত কাঙ্গালী মিয়ার পুত্র ও ছাতক সিমেন্ট কারখানার রেলওয়ে পরিবহন শাখার কর্মচারী।
জানা যায়, সকালে বুকের মধ্যে ব্যথা অনুভব হলে দ্রুত রিক্সা যোগে নিজেই হাসপাতালে আসেন রুহুল আমিন। হাসপাতালে এসে ডাক্তারকে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলে ছাতক শহরে  
অবস্থানরত ডা. আব্দুল হাকিম অপেক্ষা করতে বলেন। কিন্তু সময়মত না আসায় রুহুল আমিন মারা যান।
খোঁজ নিয়ে জানা গেছে ডা. আব্দুল হাকিম প্রতিদিনের ন্যায় রোববারও ছাতক শহরের একটি ফার্মেসীতে প্রাইভেট চিকিৎসায় ব্যস্ত ছিলেন। ডা. আব্দুল হাকিমের কর্মস্থল সিমেন্ট কারখানা হাসপাতালে অপেক্ষয়মান মুমূর্ষু রোগী রুহুল আমিনের ফোন পান তিনি দুপুর প্রায় ১২ দিকে। কিন্তু তার দায়িত্বে অবহেলা ও প্রাইভেট প্রেক্টিসে ব্যস্ত থাকার কারণে খবর পাওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পরে ডা. আব্দুল হাকিম হাসপাতালে পৌঁছলেও রোগী রুহুল আমিন ডাক্তারের অপেক্ষা করতে-করতে বিকেল ৩টা ২০ মিনিটের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে সিমেন্ট কারখানা হাসপাতালের একমাত্র ডা. আব্দুল হাকিমকে লাঞ্ছিত করে হাসপাতালের একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে কারখানার ভারপ্রাপ্ত এমডি প্রকৌশলী আবু সাইদ হাসপাতালে পৌছে ডাক্তারকে মুক্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ব্যাপারে কথা বলতে চাইলে ডা. আব্দুল হাকিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ছাতক সিমেন্ট কারখানা ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত এমডি প্রকৌশলী আবু সাইদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুকের ব্যথার রোগীর ক্ষেত্রে এ রকম দুর্ঘটনা ঘটে থাকে। হায়াত নেই বলেই সে চলে গেছে। এখানে ডাক্তারের বিষয়টি মুখ্য নয়।