স্টাফ রিপোর্টার
‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের উদ্যোগে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সোমবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. নূরুল মোমেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজেদুল হাসান ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক।
এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি এ,কে আজাদ, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জের ম্যানেজার মো. শামসুল আলম ও শিশু বক্তা শিশু একাডেমির প্রশিক্ষণার্থী আহমদ মাসহুরা সুহিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা কাজ করছি। এর ধারাবাহিকতায় ছেলে মেয়ের মধ্যে বৈষম্য আগের মতো নেই। এখন সবাই তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
এদিকে আজ মঙ্গলবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সাথে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হবে। এবছর জাতীয় কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ‘আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’। এ উপলক্ষে বিকাল ৪টায় সুনামগঞ্জ শিশু পরিবারে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে কন্যা শিশু সমাবেশ, স্কিপিং ও দৌড় প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ৯ অক্টোবর শনিবার বিকাল ৪টায় সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের সংগীত, গল্পবলা, কবিতা আবৃত্তি ও মোরগের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১০ অক্টোবর রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে ভার্চুয়ালি সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। একই সাথে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রণীত সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিত করেন। জাতিসংঘ ১৯৮৯ সালে শিশু অধিকার সনদ ঘোষণার ১৫ বৎসর পূর্বে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শিশুদের অধিকার সুরক্ষার জন্য শিশু আইন প্রনয়ণ করেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন।


