ছোট কর্তা নিল ঘুষ, বড় কর্তা করলেন উচ্ছেদ!

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ’র নিকট এক ভুক্তভোগী লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্র থেকে জানা যায়, ওই ইউনিয়নের রানীগঞ্জ বাজারের নিকটস্থ ইসলামপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ৩ শতক সরকারি ভূমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। বর্ণিত ভূমি সরকারী বিধি মোতাবেক বন্দোবস্ত পাওয়ায় জন্য তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসীলদার) কৃষ্ণ কান্ত দাসের নিকট গেলে ৫০ হাজার টাকা দাবি করা হয়। আলাপ আলোচনার মাধ্যমে সিন্ধান্ত হয় প্রথমে ২০ হাজার টাকা পরে ৩০ হাজার টাকা দিতে হবে। কথা অনুয়ায়ী তিনি প্রথমে ১৫ হাজার টাকা তহসীলদার কৃষ্ণ কান্ত দাসকে প্রদান করেন। তখন তহসীলদার তাকে সরকারী বন্দোবস্তের নিয়ম অনুয়ায়ী ওই ভূমিতে গৃহ নির্মাণ করার জন্য বলেন । তার কথা অনুসারে তিনি গৃহ নির্মাণ শুরু করলে কাজ শেষ পর্যায়ে হঠাৎ গত ৩০ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান ঘটনাস্থলে পৌছে নির্মানকৃত ঘরটি ভেঙ্গে দেন। এতে তার ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান জানান, অবৈধভাবে সরকারী জায়গায় স্থাপনা নির্মানের কারণে তা উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় তহশীলদারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি লিখিত অনুলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ জানান, লিখিত অভিযোগ এখনো পাইনি।