ছাতক প্রতিনিধি
ছাতকে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই রাজন মিয়া(৩৭) নিহত হয়েছে। আহত হয়েছে অপর ভাই সুজন মিয়া। সোমবার দুপুরে দক্ষিণ খুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। রাজন মিয়া মহব্বতপুর গ্রামের জমির আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা
যায়, গত কয়েকদিন ধরে জমির আলীর ৪ পুত্রের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে বড় ভাই রাজন মিয়ার সাথে ছোট দু’ভাই সুজন মিয়া ও সাজুর আলীর উত্তপ্ত বাকবিতন্ডা হয়। এ নিয়ে ভাইদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সুজন মিয়া ও সাজুর আলীর লাঠির( ধান ভাঙ্গানোর ছিয়া) আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে রাজন। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কৈতক হাসপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজনের মৃত্যু ঘটে। একটি সুত্র জানায়, রাজনের কাছে পাওনা ১শ’ টাকা চাইতে গিয়ে ছোট বোন সাজিয়া বেগমের সাথে তর্কে জড়িয়ে পড়ে রাজন। বোনের পক্ষ নিয়ে রাজনের সাথে ছোট ভাই সুজন ও সাজুর সংঘর্ষকালে ছোট ভাইয়ের লাঠির আঘাতে সে নিহত হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম জানান, পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইদের ‘ছিয়া’র আঘাতে রাজনের মৃত্যু হয়। খবর পেয়ে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ও এসআই সৈয়দ আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সন্দেহভাজন হিসেবে রজাক আলী নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।


