ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাই নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম খুরশেদ আলম (৩৪)। তিনি উপজেলার বড়দল পুরানহাটি গ্রামের কনাই মেম্বারের ছেলে।
এলাকাবাসী জানায়, রবিবার দুপুর ১২টায় বড়দল পুরানহাটি গ্রামের খুরশেদ আলম ও আশরাফুল দুই ভাইয়ের মধ্যে মারামারি হলে ছোট ভাই আশরাফুলের লাঠিপেটায় বড় ভাই খুরশেদ আলম আহত হন। আহত অবস্থায় খুরশেদ আলমকে স্বজনরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুর ১টায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ আশরাফুলকে গ্রেফতার করেছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, খুরশেদ আলমকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ইসিজির প্রস্তুতি চলছিল এমন অবস্থাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় জড়িত আশরাফুলকে তাৎক্ষণিক গ্রেফতার করেছে পুলিশ।