ছয় দিনের ব্যবধানে করোনায় ভাই-বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
ছয় দিনের ব্যবধানে ভাই-বোনের মৃত্যু। দুজনের প্রাণ গেল করোনায়। সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনের ঘটনা এটি। সুনামগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর শাহ্ আবু জাকের ও তার বোন কামরুন নাহারের মৃত্যুতে শোকে কাতর তার পরিবার।
৬ দিন আগে ২৫ আগস্ট মারা যান শাহ্ আবু জাকের (৫২)। শনিবার ভোর ৫ টায় বোন কামরুন নাহার (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—— রাজিউন)। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে কামরুন নাহারের। কামরুন নাহারের বিয়ে হয়েছিল সিলেটের বিয়ানীবাজারে। একমাত্র ছেলে আহসান ৬ মাস বয়সে বাবাকে হারান। সেই থেকে মা ও ছেলে মামার বাড়িতে থাকতেন। আয়ারল্যান্ডে বসবাস করছেন আহসান। ছেলে আহসান মঙ্গলবার দেশে ফেরার কথা। তার (আহসানের) দেশে ফেরার পর দাফন সম্পন্ন হবে কামরুন নাহারের।
এর আগে শাহ্ আবু জাকের করোনায় আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকার করেন।
শাহ্ আবু জাকের সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনের বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ্ আবু নাসেরের ছোট ভাই।
শাহ্ আবু নাসের সকলের নিকট দোয়া চেয়ে বললেন, সকলের ছোট ভাইকে হারানোর বেদনার মধ্যেই বোনকেও কেড়ে নিয়েছে করোনা।