জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অফিস সহকারির বিরুদ্ধে পরিবার পরিকল্পনা বিভাগের স্বেচ্ছাসেবকদের ৬ মাসের বকেয়া বেতন থেকে এক মাসের বেতন কর্তন করে রাখার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, জগন্নাথপুর উপজেলায় ৩৪জন স্বেচ্ছাসেবক রয়েছেন। যাদের প্রতিমাসের বেতন ৫৬০০ টাকা। ছয় মাস অন্তর অন্তর এক সাথে তারা বেতন পেয়ে থাকেন। রবিবার ছয় মাসের বকেয়া বেতন তুলতে গেলে সেচ্ছাসেবকদের
কাছ থেকে অফিস সহকারী নির্মল দেবনাথ উৎকোচ হিসেবে এক মাসের বেতন ৫৬০০ টাকা করে কর্তন করে রাখেন। এসময় কেউ কেউ প্রতিবাদ করলে তাদেরকে চাকুরি থেকে বরখাস্তের হুমকি দেয়া হয়।
স্বেচ্ছাসেবক মীতা বেগম জানান, অফিস সহকারী এক মাসের বেতন না রেখে আমাদেরকে টাকা না দেয়ায় বাধ্য হয়ে ৫ মাসের বেতন ২২৪০০ টাকা নিয়ে ফিরতে হয়। তিনি জানান,অনেকেই এভাবে এক মাসের টাকা দিয়ে টাকা নিচ্ছেন।
আশারকান্দি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দিপালী চন্দ বলেন, আমরা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে প্রতি মাসে দায়িত্ব পালন করি। কিন্তু আমাদের বেতন থেকে কষ্টের টাকা কেটে রাখায় খুব কষ্ট পেয়েছি।
একইভাবে আশারকান্দি ইউনিয়নের সাবিনা বেগম, দিপালী চন্দ, আকলিমা, সুলেকা নমসুদ্র, ঝর্না রানী বিশ^াসের নিকট থেকে এক মাসের বেতন কেটে রাখা হয় বলে তারা জানিয়েছেন। এছাড়াও এক মাসের বেতন উৎকোচ হিসেবে দিতে রাজী না হওয়ায় রবিবার টাকা না নিয়ে বাড়ি ফিরেছেন স্বেচ্ছাসেবক গীতা রানী, সুপ্রীতি, শিল্পী, অর্চনা, কল্পনাসহ ১০/১২জন। অভিযোগ প্রসঙ্গে অফিস সহকারী মৃদুল দেবনাথ জানান, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। স্যার (পরিবার পরিকল্পনা কর্মকর্তা) জানেন।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি অফিস সহকারিকে জিজ্ঞেস করব।


