জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে ১৪ বছরের কিশোরী অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় ছাতকের পশ্চিম মানিকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস সামাদ (২৪) ছাতক থানার মানিকপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে প্রেমের ফাঁদে ফেলে মেয়েদের অপহরণ করত বলে জানায় র্যাব।
র্যাব ৯ জানিয়েছে, জগন্নাথপুর থানার কাতিয়া গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে গত ২৮ নভেম্বর সকালে আব্দুস সামাদ অপহরণ করে পালিয়ে যায়। মঙ্গলবার মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গ্রেফতারকৃত আসামীকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


