জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের প্রবীণ সাংবাদিক জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি দৈনিক মানবজমিন ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা শংকর রায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কিছু দিন ধরে তিনি সিলেট শহরের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ ক্লিনিক সর্বশেষ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা হার্ট ফাউন্ডেশন কিংবা সরকারি- বেসরকারী ভাল হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর্থিক নানা অসুবিধার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জগন্নাথপুরবাসীর প্রিয়মুখ প্রবীণ এই সাংবাদিক। তাই সাংবাদিক সমাজ ও পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিক শংকর রায়ের ছেলে শাওন রায় জানান, চিকিৎসকরা জানিয়েছেন তিনি হার্টের জটিল রোগে ভোগচ্ছেন। দ্রুত তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। হার্টের ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার আমাদের পক্ষে বহন করা সম্ভবপর হচ্ছে না। ইতিমধ্যে সাধ্যমত সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছি। তাই সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছি।
উলেখ্য সাংবাদিক শংকর রায় আশির দশকের শুরুতে সিলেটের দেশবার্তা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায়
সম্পৃক্ত হন। এরপর থেকে অদ্যাবধি একজন সক্রিয় সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্রিকায় কাজ করছেন। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার সেরা ১০ প্রতিনিধির একজন হিসেবেও পুরস্কৃত হয়েছেন। প্রায় ৪০ বছর ধরে সাংবাদিকতা পেশায় জগন্নাথপুরে সততার সহিত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। শংকর রায়কে সহযোগিতা করা যাবে সিটি ব্যাংক জগন্নাথপুর শাখা অ্যাকাউন্ট নং-২১০২৩৭৩৬১১০০১ এর মাধ্যমে।


