স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আগুনকোনা স্কুলের সামনে থেকে আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতরা উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর গ্রামে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। রোববার ভোররাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, কালা মিয়া (৩৫), হেলাল মিয়া (৩০), আবদুর রহিম (১৯), মাছুম আহমদ (১৮), দুলাল আহমদ (২৫), বদরুল আলম (২৬), লিকসন (২৮), নজির উদ্দিন (২০), মাসুক মিয়া (২০), নিজাম উদ্দিন (২৫), আনিস মিয়া (৩২) ও রনি মিয়া (২৯)।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরসালিন
জানান, ছাতক থেকে একদল ডাকাত জগন্নাথপুর উপজেলার করিমপুর গ্রামে ডাকাতির জন্য যাচ্ছে খবর পেয়ে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আগুনকোনা স্কুলের সামনে থেকে ডাকাত দলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থাকা ১টি দেশী কাটা রাইফেল, ১টি পাইপগান, তিন রাউন্ড গুলি, ৫ টি রামদা, ১ টি গ্রিলকাটার মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতরা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১৩-৩৩০৮) যোগে ঐ ইউনিয়নের করিমপুর গ্রামে যাচ্ছিল। এ ঘটনায় থানায় ডাকাতি ও অস্ত্র আইনে থানায় দুটি মামলা হয়েছে।


