জগন্নাথপুরে কমিটির জের ধরে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে পৌরশহরে উত্তেজনা বিরাজ করছে। কলেজ ছাত্রলীগ নেতাদের হাতে রোববার রাতে উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় লাঞ্ছিত হন। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
জানা গেছে, রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক রোমেন আহমদ। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ’র উপস্থিতিতে ভবেরবাজার আঞ্চলিক অফিসে কলেজ ছাত্রলীগ নেতা রুয়েল মিয়াকে সভাপতি ও তাহা আহমদকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি পদের প্রার্থী আদিল হাসানকে সহ-সভাপতি রাখা হলেও তার সমর্থকরা হতাশ হয়ে ভবেরবাজার থেকে জগন্নাথপুর চলে আসেন। এসময় আদিল সমর্থকরা ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে শহরে মহড়া দেয়। এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়কে আদিলের সমর্থক জুবেল ও টিটু লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম সমর্থকরাও জড়ো হতে থাকে। শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
রাতে এ ঘটনায়    
সজিব রায় দুর্জয় বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে।