জগন্নাথপুরে করোনায় আক্রান্ত ১০০ পেরিয়েছে, সুস্থ ৯৩ জন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে। তারমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন। গত বুধবার রাতে সর্বশেষ এক ব্যাংক কর্মকর্তার করোনা পজিটিভ হওয়ার মধ্যে দিয়ে জগন্নাথপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জন পূর্ণ হয়। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র করোনা নেগেটিভ সনদ পেয়েছেন ৯৩ জন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, ২৩ এপ্রিল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের এক তরুণ প্রথম করোনা আক্রান্ত হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে পাঠানো হয়। গত চার মাসে ১০০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। তারমধ্যে ৯৩ জন সুস্থ হয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, করোনা সংক্রমণ দেখা দিলে উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির উদ্যোগে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালু করি। এছাড়াও করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিশ্চিত করায় আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম বলেন, করোনা সংক্রমণের শুরুতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে সচেতনতামূলক ও সুচিকিৎসা নিশ্চিতে তৎপরতা চালালে এ উপজেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ছিল। করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।