জগন্নাথপুরে কলেজছাত্রীর মৃত্যু- দেড় মাসেও গ্রেফতার হয়নি ধর্ষক ইউনুস

জগন্নাথপুর অফিস  
জগন্নাথপুরে ধর্ষণের শিকার কলেজছাত্রীর মৃত্যুর ঘটনার দেড় মাসেও গ্রেফতার হয়নি ধর্ষক ইউনুস মিয়া। পুলিশ ব্যাপক অনুসন্ধানে চালিয়ে পায়নি তার সন্ধান। তবে পুলিশ এখনো তাকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে বুধবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছেন।  
জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের কৃষক আকলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রুমেনা বেগমকে গত ২৫ জুলাই কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার খালাত ভাই একই ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে অটো রিকশা চালক ইউনুস মিয়া (২৮) জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে নির্জন স্থানে ধর্ষণ করে। এ ঘটনাটি তার মা-বাবা জানতে পেরে ধর্ষক ইউনুসের পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করে বিচার চান।  এ সময় ধর্ষকের বাবা আবু মিয়াসহ তার পরিবারের লোকজন তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় কলেজছাত্রী ঘৃণা আর লজ্জায় ৩১ জুলাই   বিষপান করে আত্মহত্যা করে। এ ঘটনায় কলেজছাত্রীর ভাই বাদী হয়ে ইউনুস মিয়াসহ ৬ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করে। রুমেনার মৃত্যুর ঘটনায় জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে ধর্ষক ইউনুস মিয়ার গ্রেফতারের দাবিতে। তৎসময় ওই ইউনিয়নের এক লন্ডন প্রবাসি ধর্ষককে ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। পাশাপাশি পুলিশও ঘাতক ইউনুসের সন্ধান নিতে পুরস্কার ঘোষণা করে।  কিন্তু কলেজছাত্রীর মৃত্যুর প্রায় দেড় মাস অতিবাহিত হলেও ধর্ষক ইউনুসকে গ্রেফতার করা যায়নি।