জগন্নাথপুরে ক্রেতারা ছুটছেন, নেই মাস্ক

আলী আহমদ, জগন্নাথপুর
করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এই আতঙ্ক সুনামগঞ্জের জগন্নাথপুরেও রয়েছে। এই সংক্রমণ থেকে রক্ষায় মানুষ ছুটছেন মাস্ক ক্রয়ের জন্য ঔষধ বিক্রয় কেন্দ্রে (ফার্মেসী)। কিন্তু মাস্ক না পেয়ে হতাশ হয়ে পড়ছেন অনেকেই। তবে কোনো কোনো ক্রেতার অভিযোগ, বেশি দামে মাস্ক বিক্রি করার জন্য ব্যবসায়িরা ফার্মেসীতে মজুদ রেখে সংকট সৃষ্টি করেছেন।
গতকাল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে কোনো ফার্মেসীতে পাওয়া যায়নি একটি মাস্কও। তবে অধিকাংশ ফার্মেসী ব্যবসায়ী জানিয়েছেন জগন্নাথপুরে সাধারণত মাস্ক আনা হয় না।
পৌরএলাকার যাত্রাপাশা এলাকার বাসিন্দা বকুল গোপ বলেন, বিশ্বজুড়েই এখন করোনাভাইরাস আতঙ্ক। এরমধ্যে আমাদের দেশে তিনজন আক্রান্ত হয়েছেন । এর পর থেকে মাস্ক সংকট দেখা দেয়। মাস্ক ব্যবহারে ভাইরাস প্রতিরোধ হয়। এজন্য গত দুইদিন ধরে অনেক খোঁজাখুজি করেও জগন্নাথপুরে কোনো ফার্মেসীতে মাস্ক পাইনি। মনে হয়, বেশি দামে বিক্রি করার জন্য ব্যবসায়ীরা সংকট সৃষ্টি করছেন।
জগন্নাথপুর বাজারের ফার্মেন্সি ব্যবসায়ী শশি গোপ বলেন, আমাদের দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এই খবর যেদিন প্রচার হয় ওই দিনই আমার ফার্মেসীতে যে মাস্ক ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে। এখন আর মাস্ক নেই। তবে মাস্ক সিলেট থেকে নিয়ে আসার জন্য লোক পাঠিয়েছি। বেশি দামে বিক্রির জন্য মাস্ক সংকট সৃষ্টি করা হয়নি বলে তিনি জানান।
জগন্নাথপুর উপজেলার ফার্মাসিষ্ট (ক্যামেষ্টি এন্ড ড্রাগ ) সমিতির সাধারণ সম্পাদক পিযুষ দাস বলেন, জগন্নাথপুর উপজেলা সদরের বাজারে ৫০টি ফার্মেসী রয়েছে। এখানে মাস্ক সাধারণত বিক্রি হয় কম। যে কারণে ব্যবসায়ীরা মাস্ক কম আনেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধুসুধন ধর বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা এরমধ্যে সচেতনতামূলক সভা করেছি। জগন্নাথপুরে করোনাভাইরাসের কোনধরনের লক্ষণ নেই। এতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য তিনি আহবান জানিয়েছেন।