জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের দেখা মিলছে না। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝড়ের সময় বিদ্যুৎ চলে যায়। টানা ১১ ঘন্টা পর বিদ্যুতের দেখা মিলে। তাও আবার অনেক এলাকায় সংযোগ ছিল না। পৌর শহরের ইকড়ছই, বলবল, ভবানীপুর, যাত্রাপাশা, শেরপুরসহ উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নে রাত সাড়ে ১২টার পর থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সহবরাহ বন্ধ ছিল। ফলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের।
এলাকাবাসী জানান, সামান্য ঝড় বৃষ্টি হলেই জগন্নাথপুরের বিদ্যুৎ চলে যায়। গত কয়েকদিন ধরে বৃষ্টি এলেই রাতভর বিদ্যুৎ থাকে না। এমনিতেই প্রচন্ড গরম তার উপর ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে উঠছেন গ্রাহকরা।
স্থানীয় বিদ্যুৎ অফিসে দায়িত্বরতরা জানিয়েছেন রবিবার রাতে প্রচন্ড ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বিদ্যুত সরবরাহ করা যায়নি।


