জগন্নাথপুরে চিকুনগুনিয়া জ্বর আতংক

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জ্বরজনিত রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে এ রোগে আক্রান্ত হয়ে শতাধিক রোগি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই ১০ থেকে ১২ জন রোগি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করছেন।
শুক্রবার ভোর থেকে সকাল সাড়ে ১১টায় পযর্ন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে ৬ জন রোগি ভর্তি হয়েছেন। এ রোগে  শিশুসহ সব বয়সি মানুষ আক্রান্ত হচ্ছেন। এবারের জ্বরের ধরন অন্যান্য বারের চেয়ে একটু বেশি কষ্টদায়ক বলে আক্রান্তরা জানিয়েছেন। অনেকেই আবার চিকুনগুনিয়া রোগের আশংকায় ভোগছেন। তবে হাসপাতালের চিকিৎসকরা চিকুনগুনিয়া রোগের আশংকা নেই বলে জানিয়েছেন।  
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিন গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রের পুরুষ ও মহিলা ওয়ার্ডে অর্ধশতাধিক জ্বর ও টাইপওয়েড রোগে ভর্তি      
রয়েছেন। এর মধ্যে অধিকাংশ শিশুরা রয়েছেন।  
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আসা চার মাসের শিশু রাহিম হাসানের মা জানান, গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশু সন্তানটি। শুক্রবার উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছি। কর্মরত চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ভর্তি করেছি। দুশ্চিতায় রয়েছি চিকুনগুনিয়া রোগের।
আরেক রোগি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা লাইলি বেগম (১৮) জানান, কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে পড়ি। এবারের জ্বরে সারা শরীরে প্রচন্ড ব্যথা করে। কোনো কিছু খেতে ভাল লাগে না। মাথাও বেশি ধরা থাকে। গতকাল বৃস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত ডা. শারমিন আরা আশা জানান, গত কয়েকদিন ধরে জ্বর ও টাইপওয়েড রোগে আক্রান্ত হয়ে রোগিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। প্রতিদিনই রোগিরা আসছেন। তবে এখন পর্যন্ত চিকুনগুনিয়া রোগের কোন লক্ষণ ধরা পড়েনি। এটি একটি স্বাভাবিক রোগ।