জগন্নাথপুরে ছাত্রদলের কমিটি নিয়ে তীব্র ক্ষোভ, ছয় জনের পদত্যাগ

জগন্নাথপুর অফিস
দীর্ঘ ২০ বছর পর জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনের পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ছয়জন পদত্যাগ করেছেন।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের উপজেলা পৌর ও কলেজ শাখায় ছাত্রদলের কোন কমিটি না থাকায় নেতাকর্মীরা কমিটির জন্য জোর লবিং শুরু করেন। বুধবার রাতে জগন্নাথপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজে কমিটি অনুমোদন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া।
উপজেলা শাখায় মামুনুর রশিদ কে আহবায়ক এবং সামছুল ইসলাম কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পৌরসভায় ইমন আহমদ কে আহবায়ক, মোবারক হোসেন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের কমিটি ও জগন্নাথপুর সরকারি কলেজে রহুল আমিন কে আহবায়ক ও আব্দুল কাদির কে সদস্য সচিব করে ২১ সদস্য আহায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা শাখা থেকে জাহিদুল ইসলাম ও জুয়েব হোসাইন পদত্যাগ করেন। পৌর শাখা থেকে মির্জা তামিম আহমেদ, ইকবাল হোসেন, আলাউর রহমান পদত্যাগ করেন। জগন্নাথপুর সরকারি কলেজে শাখা কমিটি থেকে কাশেম মিয়া পদত্যাগ করেছেন।
কাশেম মিয়া জানান, আমি আহ্বায়ক প্রার্থী ছিলাম। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। তাই আমি এ পদ থেকে পদত্যাগ করেছি।