জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার গ্রাম বাংলার মানুষকে ভালোবাসে তাই গ্রামের উন্নয়নকে প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করছে। তিনি বলেন বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও বিদ্যুৎ সেক্টরকে প্রাধান্য দিয়েছে। কারণ আমরা মনে করি শিক্ষার মাধ্যমে আমাদের প্রজন্ম আলোকিত হবে আর বিদ্যুতের মাধ্যমে দেশ আলোকিত হবে। তিনি আগামী এক বছরের মধ্যে তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের কোন গ্রাম বিদ্যুৎবিহীন থাকবে না বলে ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশের কোন গ্রাম বিদ্যুতের আলোর বাইরে থাকবে না সেলক্ষে আমরা কাজ শুরু করেছি। তিনি বলেন, আওয়ামীলীগ শহরের পাশাপাশি গ্রামীণ জনপথের মানুষের জীবনমান উন্নয়নে সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছে। এই কাজের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার প্রতি সমর্থন অক্ষুন্ন রাখতে তিনি জনগনের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন কর্মসূচীতে যোগদান শেষে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মন্ত্রী সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে যোগ দেন। সকাল ১০টায় উপজেলা আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও হাফিজ মুহিবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ,ু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ইসলামী ফাউন্ডেশনের জেলা সুপারভাইজার মাওলানা ফখরুল ইসলাম। দুপুর ১২টায় কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয় চত্বরে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৬তম বৃত্তি বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মল্লিক শাকুর ওয়াদুদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শিক্ষানুরাগী শাহজালাল মহাবিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, শহাজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, ট্রাস্টি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, ফজলুল ইসলাম আতিক, ডাঃ সানোয়ার আহমেদ চৌধুরী, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ট্রাস্টি আব্দুল হাশিদ, ট্রাস্ট্রের কোষাধ্যক্ষ হাসনাত আহমদ চুনু, ট্রাস্টের সাবেক সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব প্রমুখ। পরে উপজেলার ছয় শতাধিক শিক্ষার্থীর হাতে ১৫ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়। দুপুর ২টায় মন্ত্রী চিলাউড়া হলদিপুর ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে ১কোটি ৪ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ১ কোটি তিন লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। তিনি ইউনিয়নের সমধল পন্ডিতা গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
- তাহিরপুরে তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে
- মালয়েশিয়া বাংলাদেশ দুতাবাসে নানা আয়োজনে জাতির জনকের জম্ম বার্ষিকী পালিত


