জগন্নাথপুরে ডলার-পাউন্ডের নির্বাচনী প্রচারণা শুরু- ৩৭ চেয়ারম্যান প্রার্থীর ১৮ জন প্রবাসী, রেস্তুরায় ভিড় বেড়েছে

বিশেষ প্রতিনিধি ও জগন্নাথপুর অফিস
জেলার জগন্নাথপুরে ডলার-পাউ-ের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। মনোনয়ন দাখিলের দিন (সোমবার) থেকেই প্রবাসীদের টাকা উড়া শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন হাটবাজারে বিরিয়ানি থেকে শুরু করে খাদ্যদ্রব্যের মূল্যও বেড়ে গেছে। এই উপজেলায় এবার ৩৭ চেয়ারম্যান প্রার্থী’র ১৮ জনই প্রবাসী। এর মধ্যে ১৫ জন যুক্তরাজ্য এবং ২ জন যুক্তরাষ্ট্র  প্রবাসী। প্রবাসী এসব প্রার্থীদের বেশিরভাগেই নির্বাচন মৌসুমে এসে প্রার্থী হন। ব্যতিক্রম ছাড়া বিজয়ী নির্বাচিত প্রতিনিধিরা কিছুদিন থেকেই ভারপ্রাপ্তদের দায়িত্ব দিয়ে প্রবাসে উড়াল দেন। পরাজিত হলে নির্বাচনের পরই পরই দেশ ছাড়েন। এই উপজেলার ৮ ইউনিয়নের ৭ ইউনিয়নের নির্বাচন ৫ম ধাপে ২৮ মে। একটি ইউনিয়নে (মিরপুর) মামলা জনিত কারণে স্থগিত রয়েছে।
জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের ভোটার সজল তালুকদার বলেন,‘প্রবাসী প্রার্থীরা রানীগঞ্জ বাজারের অনেক রেস্তুরা বুকিং দিয়ে রেখেছেন, নিজের পক্ষের কর্মী হলে হোটেলে বসে যা খাওয়া-দাওয়া করবে বিল তার (প্রার্থীর) নামেই লেখা হবে’।
মনোনয়ন দাখিল উপলক্ষ্যে সোম ও মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সদরের বেশিরভাগ রেস্তোরায় ভিড়ের কারণে চা বিক্রি বন্ধ ছিল। গ্রাহকরা শুধু চা খেলে সময় বেশি লাগবে, বিলও  কম পাওয়া যাবে, এই চিন্তা থেকেই চা বিক্রি বন্ধ ছিল বলে জানিয়েছেন একাধিক রেস্তোরা ব্যবসায়ী। রেস্তোরায় বিরিয়ানিই বিক্রি হয়েছে বেশি।
জগন্নাথপুরের গণমাধ্যমকর্মী অরূপ সরকার বলেন,‘গত দুই দিন জগন্নাথপুরের সব কয়টি হোটেলে ৯০ টাকার বিরিয়ানি ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে’।
জগন্নাথপুরের ৭ ইউনিয়নে ৩৭ চেয়ারম্যান প্রার্থীর ১৫ জনই প্রবাসী প্রার্থী। এর মধ্যে ১৩ জন যুক্তরাজ্য এবং ২ জন যুক্তরাষ্ট্র প্রবাসী। এরা হলেন- কলকলিয়া ইউনিয়নে বিএনপি’র দলীয় প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মো. রফিক মিয়া, জাপার প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী গয়াস মিয়া ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাশিম। পাটলী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মো. আরশ মিয়া, বিএনপির দলীয় প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রাশিদ, রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মো. মজলুল হক, যুক্তরাজ্য প্রবাসী স্বতন্ত্র প্রার্থী সুজায়েল আহমদ দোলন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাফিজ। সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া কামালী। আশারকান্দি ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ্ আবু ঈমানী ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ মদরিছ। পাইলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মনজুর আলী আফজাল, বিএনপির দলীয় প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন, বিএনপির বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মখলুছ মিয়া।
উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আপ্তাব উদ্দিন বলেন,‘আমার ইউনিয়নের অনেক প্রবাসী ভোটার রয়েছেন, তারা আমার পক্ষে বা অন্য প্রার্থীর প্রচারণায়ও এসে যোগদান করেন, সামাজিক নানা কাজেও তারা অংশ নেন। এজন্য প্রবাসী প্রার্থী নিয়ে বেশি কিছু বলাও যায় না, আবার সহ্যও করা যায় না, আচরণবিধি লঙ্ঘন করে ব্যয় করেন তারা, কিন্তু এই বিষয়ে প্রমাণ দেওয়া কঠিন হয়। আমরা যারা দেশে থেকে সমাজের কাজ করতে চাই, তাদেরকে নির্বাচন আসলে চাপের মধ্যে ফেলে দেন প্রবাসী প্রার্থীরা। নির্বাচনে জয়ী হলে ৩ দিন পরই পরিবার ও ব্যবসা দেখতে দেশ ছাড়েন তারা, আর জয়ী না হতে পারলে পরের দিন যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েন’।
পাটলী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক বলেন,‘সকল প্রবাসী প্রার্থী এক ধরনের নয়, আমি যদিও প্রবাসী, আমি নাড়ীর টানে দেশের মানুষের সেবা করতে এসেছি, টাকা দেবার জন্য বা নেবার জন্য নয়, দেশে কোন রোজগারের ধান্দাও আমার নেই। আমি বিগত সময়ে ইউনিয়নবাসীকে সবচেয়ে বেশি সময় দিয়েছি। আমার ইউনিয়নের ভোটাররাই বলে থাকেন বিগত ৫ বছরে এই ইউনিয়নে যত কাজ হয়েছে, ৫০ বছরেও হয়নি’।