জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামে নারায়ণগঞ্জ, ঢাকা ও ভৈরব থেকে আগত ৫ জনকে শুক্রবার রাতে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছে গ্রামবাসী। গ্রাম লকডাউন থাকায় বাঘময়না আটহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের থাকার ব্যবস্হা করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্হলে গিয়ে তাদেরকে কোয়ারেন্টিনে থাকার বিষয়টি বুঝিয়ে নিশ্চিত করেন।
বাঘময়না গ্রামের বাসিন্দা রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, গ্রামের সর্বস্তরের মানুষের সিদ্ধান্তে আমাদের গ্রাম লকডাউন চলছে। এর মধ্যে শুক্রবার রাতে গ্রামে আসেন ৫ ব্যক্তি। তাঁরা গ্রামে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা প্রদান করা হয়। পরে গ্রামবাসী সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের বন্ধ থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় খাদ্য স্যানিটাইজ সামগ্রী,ইন্টারনেট সুবিধাসহ অন্যান্য আনুসাঙ্গিক সকল সুবিধা প্রদান করে ১৪ দিনের জন্য কোয়ারিন্টিনে রাখা হয়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস,আই) অনুজ কুমার দাশ জানান, ঢাকা থেকে বাঘময়না গ্রামে আসা ৫ ব্যক্তিকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গ্রামবাসী তাদের সব সুবিধা নিশ্চিত করেছেন।


