জগন্নাথপুরে তিনটি ইজিবাইক গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন, ৭ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ চুরির দায়ে বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগ। সেই সাথে মামলায় প্রায় ৭ লক্ষ ২৪ হাজার ৫৭৮ টাকা ক্ষতিপূরণ বিল ধার্য করা হয়েছে।
মঙ্গলবারবার রাত দশটা থেকে বুধবার সকাল পর্যন্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে। তিনটি মামলার আসামিরা হলেন ইশাকপুর গ্রামের শামসুল ইসলামের বিরুদ্ধে ৫ লাখ ৩৯ হাজার টাকা, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মইনুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ৬১ হাজার ৫৭৮ টাকা ও বাসস্ট্যান্ড এলাকার আবুল মিয়ার বিরুদ্ধে ১ লাখ ২৪ হাজার টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী মো. আজিজুল ইসলামের নেতৃত্বে বিদ্যুৎ সরবরাহের উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল ও মো. পরাগ হায়দার দুই দলে বিভক্ত হয়ে উপজেলার কুবাজপুর, সিলেট বাস স্ট্যান্ড, সৈয়দপুর, হবিবপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিক্সা/টমটম/মিশুক) চার্জের গ্যারেজে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।
জগন্নাথপুর উপজেলার আবাসিক প্রকৌশলী মো. আজিজুল ইসলাম বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বিদ্যুৎ সংযোগধারীরা শুধু সরকারের রাজস্ব আদায়ই বিঘিœত করে না বরং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।