আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরে একটি কমিউনিটি ক্লিনিক গত তিন মাস ধরে বন্ধ রয়েছে। ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। রবিবার দুপুরে সরজমিন ঘুরে দেখা যায়, ক্লিনিট টি তালাবদ্ধ রয়েছে। কোনো লোকজন নেই।
জানা যায়, ১৯৯৯ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়। ওই ক্লিনিকের দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (প্রশিক্ষক) ঝুমা বেগম গত এপ্রিল মাস থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে অন্যত্র চলে যাওয়ার কারণে লোকবল সংকটে ক্লিনিকটি বন্ধ হয়ে যায় বলে জানান এলাকাবাসী।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (প্রশিক্ষক) ঝুমা বেগম চলে যাওয়ার পর স্বাস্থ্য সহকারী কর্মকর্তা আমিনুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব পালনে নিয়োজিত করা হলেও তিনি ক্লিনিকে যান না বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম জানান, তিনি নিয়মিতই ক্লিনিকে যান। আজ (রবিবার) তিনি মাঠে কাজ করছেন। ক্লিনিকে দায়িত্বে থাকা পরিবার কল্যাণ সহকারী খোকন রানী চন্দ্র তিনিও ক্লিনিকে যাচ্ছেন না।
খোকন রানী চন্দ্রের সঙ্গে মুঠোফোনে বিকেল সাড়ে চারটায় যোগাযোগ করা হলে তিনি জানান, ক্লিনিকের চাবি তার নিকট না থাকায় তিনি যেতে পারছেন না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাসিম জানান, প্রায় সাড়ে তিন মাস যাবত ক্লিনিকটির কার্যক্রম বন্ধ
হয়ে পড়েছে। যে কারণে ইউনিয়নবাসী স্বাস্থ্য সেবার কোন সুফল পাচ্ছেন না। এলাকাবাসী উপজেলা সদরে কিংবা সিলেট শহরে স্বাস্থ্য সেবার জন্য যেতে হয়। দ্রুত লোকবল নিয়োগ দিয়ে ক্লিনিকটি সচল করার জন্য তিনি দাবি জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামসু উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবর’র সত্যতা নিশ্চিত করে বলেন, লোকবল সংকটের কারণেই ক্লিনিকের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। ব্যাপারটি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
- জামালগঞ্জে কর্মসৃজনের কাজ- ৯ লাখ ৬৮ হাজার টাকার মধ্যে ৪৯ হাজার টাকার কাজ হয়েছে
- মধ্যনগরে আড়াই বছরেও চালু হয়নি মা ও শিশু কল্যাণ কেন্দ্র


