জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে পৃথক সংঘর্ষে আহত ৩০

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে সোমবার বিকেলে পৃথক দু’টি সংঘর্ষে  মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে তছর উদ্দিনের একটি গরু একই গ্রামের এলাইছ মিয়ার ক্ষেতের ধান খাওয়ায় এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত নেওয়া বিবি, লতিবুর রহমান, আলী নূর, ওযুদ মিয়া, হাবিবুর রহমান, লুৎফুর রহমান, আবদুল কালাম ও আলমাছ মিয়া কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
অপরদিকে একই দিনে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেড়ী গ্রামের কবির মিয়ার লোকজন ধান শুকানোর জন্য মাঠে  গেলে বাধা দেন একই গ্রামের ইনতাজ উল্লার লোকজন। এরই জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মহিলাসহ ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত মুহিবুর মিয়া ও কবির মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  অপরাপর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন আহমদ জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।