জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সাঙ্গিরগাঁও গ্রামের লিয়াকত আলী ও সাত্তার মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামের একটি রাস্তা দিয়ে চলাচল নিয়ে বিরোধ চলছিল। যার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী বিরোধকৃত রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সাত্তার মিয়ার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হন। গুরুতর আহত চার জন কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- সেলিনা বেগম (৪০), আব্দুস সোবহান (৪৪), আকাশ মিয়া(১৭), সায়েল মিয়া (১৬)। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষের ১২ জন কে আটক করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে সংঘর্ষে জড়িত উভয়পক্ষের ১২ জন কে আটক করা হয়েছে।


