জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকায় নিখোঁজ দুই যুবকের সন্ধান পাওয়া যাচ্ছে না। গত ২১ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ইকড়ছই পৌরএলাকার রেদোয়ান নিখোঁজ রয়েছেন। অপর দিকে কেশবপুর বাজারস্থ এসিআই ও ড্যানিস কোম্পানির এসআর আলমগীর গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই যুবকের স্বজনদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।
জানা যায়, জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার মৃত বাদশা মিয়ার মানসিক ভারসাম্যহীন ছেলে রেদোয়ান আহমদ (২৭) পৌর শহর এলাকা থেকে গত ২৯ আগস্ট নিখোঁজ হয়। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ রেদোয়ানের চাচা আনোয়ারা বেগম বলেন, এতিম পিতা-মাতা হারা সন্তান রেদোয়ানকে ছোটবেলা থেকে আমি কুলে পিঠে করে নিজের সন্তানের মতো লালন পালন করেছি। ছেলেটি মানসিক ভারসাম্যহীন।
অপর দিকে পৌর এলাকার কেশবপুর গ্রামের মৃত চেয়াগ আলী পুত্র আলমগীর হোসেন গত ১১ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে একটি কোম্পানির পণ্যের সেল দিতে গিয়ে নিখোঁজ হয়। সে স্থানীয় কেশবপুর বাজারস্থ এসিআই ও ড্যানিস কোম্পানির এসআর’র দায়িত্বে নিয়োজিত রয়েছে।
নিখোঁজ আলমগীরের বড় ভাই আবু তাহের জানান, প্রতিদিনের মতো কোম্পানির কাজে বাড়ি থেকে বের হয়েছিল আলমগীর। রাতে বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে আমরা তার সঙ্গে থাকা মুঠোফোনে যোগাযোগ করি। কিন্তু তার ফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজন সহ পরিচিত সব জায়গায় অনেক খোজঁখুজি করেও তার কোন সন্ধান আমরা পাইনি। এ ব্যপারে থানায় একটি জিডি করেছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, নিখোঁজ দুই যুবকের সন্ধানে পুলিশ কাজ করছে।


