জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের দুই এস.আই সহ ১৫ জন আহত হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলা সদরের জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সাধারণ সম্পাদক পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা ও বাজার তদারক কমিটির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূঁইয়ার মধ্যে মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, গত ২/৩ দিন আগে জগন্নাথপুর বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূঁইয়ার সাথে বাজার তদারক কমিটির  
সাবেক সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন এর তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। যার জের ধরে রবিবার সন্ধ্যায় জুনেদ আহমদ ভূঁইয়ার সাথে দিলোয়ার হোসেনের পিতা ব্যবসায়ী তাজ উল্লার কথা কাটাকাটি হয়। বিষয়টি দু’পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিলোয়ার হোসেনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বাজারে এসে জুনেদ ভূঁইয়াকে খোঁজতে থাকে। এ খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে জুনেদ ভূঁইয়ার পক্ষের লোকজন দিলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।  ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে তাজ উল্লা, দুলু বিবি, দিলোয়ার হোসেন, আঙ্গুর মিয়া, নুর মিয়া, সুবেল মিয়া কে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত জগন্নাথপুর থানার এস.আই কায়েমুল হোসেন ও আনোয়ার হোসেন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন জানান, সংঘর্ষের ঘটনা থামাতে গিয়ে দুই এস.আই আহত হয়েছেন। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনো কোন পক্ষ মামলা দায়ের করেনি।