জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউয়নের চিলাউড়া নয়াপুঞ্জি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নয়াপুঞ্জি গ্রামের আক্তার হোসেন ও একই এলাকার মামুন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে গ্রামের সরকারি খাস ভূমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন।
এরমধ্যে মনমালা বিবি (৬০) ও মামুন মিয়া (২২) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত আক্তার হোসেন (৩৬), সায়মা বেগম (১২), আতিকুর রহমান (১৭) ও কাওসার হোসেন (২৫) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জগন্নাথপুর থানার এসি (তদন্ত) মোছলেহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালের গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে।


