আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরে ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যার ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত ধর্ষকসহ মামলার কোন আসামী ধরা পড়েনি।
এদিকে কলেজছাত্রী রুমেনার মৃত্যুর ঘটনায় আন্দোলনে নামছে শিক্ষার্থীরা। আগামী সোমবার আন্দোলনের কর্মসুচীর অংশ হিসেবে মানববন্ধনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
কর্মীসুচী সফল করতে শনিবার জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা প্রচারণা চালাচ্ছে। ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী মাসুক হোসেন তার ফেসবুক আইডিতে ‘জগন্নাথপুরে কি মানবতা নাই, প্রশাসন জবাব চাই। মানবতা থাকলে বিচার চাই। ধর্ষণ কারীর ফাঁসি চাই—- ফাঁসি চাই’। ষ্ট্যাটাস আপলোড করেছেন অনেকে। জগন্নাথপুর ডিগ্রী কলেজ শিক্ষার্থী মাসুম আহমদ জানান, ‘আমরা আজ (শনিবার) নিহত কলেজছাত্রীর সহপাঠিসহ কয়েকজন তাদের বাড়িতে গিয়ে দেখলাম, রুমেনার মা, বাবা ও তার পরিবারের লোকজনের কান্না এখনো থামেনি। রুমেনার মা আমাদেরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলেছেন, আমার মেয়ের হত্যাকারীর বিচার চাই। আমরা সেই সন্তান হারা মাকে কথা দিয়েছি, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরব না’। আমরা প্রশাসনকে অনুরোধ করছি, দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন।
অন্যথায় ছাত্রসমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে’।
জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী আদিল আহমদ জানান, আমাদের কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবি ছাত্রী রুমেনা বেগম কলেজ থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়ে অপমান আর লজ্জায় বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ মামলার কোন আসামীকে এখনো ধরতে পারেনি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছি।
জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের কৃষক আকলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমেনা বেগম কে ২৫ জুলাই তারই খালাত ভাই একই ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে সিএনজি চালক ইউনুছ মিয়া ও তার বন্ধু আবদাল মিয়ার ছেলে শাহেদ মিয়া কলেজ থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর-পাটলী সড়কের কেশবপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনা থেকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে সিএনজির পর্দা লাগিয়ে কলেজছাত্রীর মুখে চেপে ধরে জোরপূর্বক অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বাড়ির রাস্তায় মেয়েটি কে নামিয়ে দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে তারা চলে যায়। ধর্ষণের বিষয়টি কলেজ ছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে ওই রাতে মেয়েটির পরিবার’র পক্ষ থেকে ইউনুছ মিয়ার পরিবারকে অবহিত করে বিচারপ্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুছের বাবা, ভাইসহ পরিবারের অন্যরা তাদেরকে মারধর করার জন্য এগিয়ে আসে। এ সময় ওই গ্রামের আরিফ উল্লা বিষয়টি সালিশের মাধ্যমে বিচার করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও আরিফ উল্লার সঙ্গে যোগাযোগ করে মেয়েটির পরিবারের লোকজন কোন বিচার পাননি। এ ঘটনার পর থেকে লজ্জা আর ঘৃনায় কলেজ যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। গত ৩১ জুলাই (সোমবার) ভোরে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর বড় ভাই জুনেদ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ আসামীদের ধরতে অভিযান চালিয়েছে।


