জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় নির্মাণের দুই মাসের মাথায় ভেঙে পড়া ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাকা সেতুটি বুধবার বিকেলে পরির্দশন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের ব্রিজ কালর্ভাট নির্মাণ বিভাগের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব সদাগর মুস্তাফির রহমানের নেতৃত্বে একটি দল।
এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের সহকারি প্রকল্প পরিচালক আবদুস সোবহান, প্রকল্পের অতিরিক্ত প্রকৌশলী মুহিদুল ফারুক, সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুর রহমান, জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ ও পিআইও শহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর ও হামিদপুর গ্রামের মধ্যবর্তী রাঙাখাল এলাকায় গত মার্চ মাসে এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল সিলেটের বিশ্বনাথ উপজেলার মেসার্স মাসুক টেড্রাস। এই সেতুর দৈঘ্য ছিল সাড়ে ১২মিটার। কিন্তু সেতুটি গত ৮ জুলাই রাতে ভেঙে পড়ে। এ ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


