জগন্নাথপুরে ধান কাটার শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ

জগন্নাথপুর অফিস
পেট ভরে ভাত খাবো, দিনরাত ধান কাটাব শ্লোগানে জগন্নাথপুর উপজেলার স্থানীয় শ্রমিকদের মধ্যে গত রবিবার ত্রাণ বিতরণ করা হয়েছে।
জেলার অন্যতম বৃহৎ জগন্নাথপুরের নলুয়ার হাওরে ৪০০ জন কৃষকের মধ্যে ত্রাণ হিসেবে প্রত্যেক কে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম ও কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, ধান কাটলে ত্রাণ মিলবে এমন আহ্বান জানিয়ে জগন্নাথপুর উপজেলার হাওরগুলোতে শ্রমিক সংকট দুর করে পাকাধান কাটতে বিভিন্ন শ্রেনী পেশার কর্মহীন মানুষকে আমরা ধান কাটতে আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক কর্মহীন মানুষ ধান কাটতে হাওরে নামেন আমরা তাদের কে সরকারি বরাদ্দ থেকে ত্রাণ হিসেবে চাল দিচ্ছি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে হাওরে কতজন স্থানীয় কৃষক, অন্য জেলা থেকে আগত কৃষি শ্রমিক, স্বেচ্ছাসেবক ও কর্মহীন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ধান কাটছেন। তথ্য অনুযায়ী যারা ত্রাণ সুবিধা পাওয়ার কথা তাদেরকে আমরা পর্যায়ক্রমে ত্রাণ দেব।
প্রসঙ্গত জগন্নাথপুর উপজেলার ছোটবড় ১৫ হাওরে ২০ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়।