জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাবেদ চৌধুরীর নির্দেশে ইউনিয়নের নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করে ৮নং ওয়ার্ডের ভিজিএফের কার্ডধারী ৩১ জনের চাল ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ইউনিয়নের সংরক্ষিত ৭.৮,৯ নং ওয়ার্ড সদস্য মোছা. সেলিনা বেগমসহ ৩৫ জন নাগরিক এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে মোছা. সেলিনা বেগম উল্লেখ করেন, ‘বুধবার আশারকান্দি ইউনিয়নের ভিজিএফের ৩০ কেজি চাল ও নগদ ৫০০টাকা বিতরণ কার্যক্রম চলাকালে ৮নং ওয়ার্ড সদস্য ফজলু মিয়া হত্যা মামলার আসামি হওয়ায় তাঁর প্রতিনিধি হিসেবে বুরাইয়া গ্রামের মৃত মনাফ উল্যার ছেলে রুনু মিয়া ওই ওয়ার্ডের চাল বিতরণের দায়িত্ব পালন করেন। চাল বিতরণ কালে রুনু মিয়া ৫নং ওয়ার্ডের পাটকুড়া গ্রামের লুদু মিয়াকে দিয়ে একবার চাল ও টাকা নেয়ার পর ভুয়া নাম ব্যবহার করে আরেকবার টাকা ও চাল নিতে যায়। এসময় আমি প্রতিবাদ করলে রুনু মিয়া আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময়
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাবেদ চৌধুরীর নির্দেশে সচিব তফজ্জুল হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য ছানু মিয়া ৫ নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা আলাল ৪,৫,৬নং ওয়ার্ড সদস্যা আফিয়া বেগম আমাকে মারধর করে মাটিতে ফেলে টানা হেঁচড়া এবং কিল ঘুষি মেরে জখম করেন। আমার ওয়ার্ডের বাসিন্দারা আমাকে রক্ষা করে ইউনিয়ন কার্যালয় থেকে নিয়ে আসেন। এসময় আমার ওয়ার্ডের ৩১ নামের চাল ও টাকা লুট করিয়া তারা ভাগবাটোয়ারা করে নিয়ে যায়’।
অভিযোগ বিষয়ে প্যানেল চেয়ারম্যান জাবেদ চৌধুরী বলেন, ‘নারী ইউপি সদস্য মোছা. সেলিনা বেগম এর বিরুদ্ধে নানা অভিযোগে পরিষদের সদস্যদের লিখিত অনাস্থা প্রস্তাব রয়েছে। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি মিথ্যা অভিযোগ দিয়েছেন। তাকে মারধর ও চাল ও টাকা লুটপাটের কোন ঘটনা ঘটেনি।’
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, নারী ইউপি সদস্যর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।


