জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা রবিবার দুপুরে উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, জেলা পুলিশ সুপার হারুর অর রশিদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাদেকুর রহমান, সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত কুমার পাল, জগন্নাথপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ প্রমুখ।
সভায় নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কারণ নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, আগামী ২৮ মে জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


