জগন্নাথপুর অফিস
‘নৌকা বানাইয়া দিল সুজন মেস্তরি/ময়ুরপঙ্খী নায়েরে আপনি কান্ডারী ’ ও ‘কোন মেস্তরি নাও বানাইল, কেমন দেখা যায়, ঝিলমিল-ঝিলমিল করে-রে, ময়ুর পংঙ্খি নায়’ গানের স¤্রাট কামাল পাশা ও বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের সারী গান আর সুরের মুর্ছনায় প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় শনিবার বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বৃহত্তর শাহারপাড়া এলাকাবাসী উদ্যোগে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা তিলক সাতবিলা বিলে অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ
উপভোগ করতে বিলের চারপাশে হাজারো মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় বাহারি নামের সাতটি নৌকা অংশ নেয়। নৌকাগুলো হচ্ছে তিলক গ্রামের উড়াল পবন, চক তিলক গ্রামের পবন, জগন্নাথপুর গ্রামের জলপবন, শাহারপাড়া গ্রামের জলরাজ, শাহারপাড়া নোয়াগাও গ্রামের রিয়াজ পবন, পীরেরগাঁও গ্রামের শাহধামড়ী তরী ও নবীগঞ্জের বাধাউড়ার সাতলা।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার সোনার নৌকা ও বৈঠা জিতেছে তিলক গ্রামের লন্ডন প্রবাসি আব্দুল লতিফ মন্টুর মালিকানাধীন উড়াল পবন। দ্বিতীয় পুরস্কার রূপার নৌকা-বৈঠা জগন্নাথপুর গ্রামের জলপবন ও তৃতীয় পুরস্কার ১৯ ইঞ্চি টেলিভিশন জিতেছে শাহারপাড়া গ্রামের লন্ডন প্রবাসি দিনার কামালীর নৌকা জলরাজ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিতরণকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী, আয়োজক কমিটির সভাপতি আলফু মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ প্রতিয়োগিতার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন জানান, ‘ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৫ হাজার মানুষের সমাগম ঘটে।’


