জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে একটি ইঞ্চিন নৌকা বোঝাইকৃত সরকারি চাল আটক করেছে স্থানীয় জনতা। বোঝাইকৃত নৌকার মধ্যে প্রায় দেড় শত বা দুই শত বস্তা চাল হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের কুশিয়ারা নদী ঘাটে পাচারকালে লোকজন চালসহ ওই নৌকাটি আটক করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ মাসুম বিল্লাহ নির্দেশে উপজেলা সহকারি কমিশানার (ভূমি) শামিম আল ইমরানের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে রাতে রওয়ানা হয়েছেন।
রানীগঞ্জের স্থানীয় বাসিন্দা রাজীব তালুদকার জানান, আটককৃত চালের প্রতিটি বস্তায় সরকারি খাদ্য গুদামের সিল মোহর রয়েছে। মনে হচ্ছে কালো বাজারে চালগুলো বিক্রয় করার জন্য রানীগঞ্জ বাজারে নিয়ে আসা হয়েছে। চালের সঙ্গে থাকা লোকজন এলাকাবাসির উপস্থিতি টের হয়ে চম্পট দিয়েছে। আমরা উপজেলা
প্রশাসনকে খবর দিয়েছি।
এ ব্যাপারে জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, খবর পেয়ে এসিল্যান্ডসহ একদল পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।


