জগন্নাথপুরে পলো বাওয়া উৎসব

আলী আহমদ, জগন্নাথপুর
সুর্যের কিরণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পলো নিয়ে মাছ ধরার জন্য বিলের পাড়ে জড়ো হন শতাধিক গ্রামবাসী। এসময় আনন্দ উৎসবে বাংলার ঐতিহ্যবাহী পলোবাওয়া উৎসবে বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। মঙ্গলবার জগন্নাথপুরে উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের বাউরকা বিলে এমন দৃশ্য দেখা গেছে। কালের আবর্তে হারিয়ে যাওয়া এই পলো উৎসব দিনব্যাপী চলমান ছিল। বিলের দুই পাড়জুড়ে মাছ ধরা দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী।
এলাকাবাসি জানান, প্রতি বছর এই মৌসুমে দুইবার করে এই বিলে পলো দিয়ে মাছ ধরা উৎসব হয়। তবে বিলে মাছের নড়াচড়া ও পানির পরিমাণের ওপর ভিত্তি করে মাছধরা উৎসব বছরে তিনবারও হয়। গ্রামবাসীর সিদ্ধান্তে নির্দিষ্ট দিনের আগে কেউ বিলে মাছ শিকার করেন না। নির্দিষ্ট দিনে সকাল থেকে প্রভাকরপুর গ্রামসহ আশপাশের অঞ্চলের মাছ শিকারীরা বিলে মাছ ধরতে অংশ নেন।
পলো বাওয়া উৎসবে অংশ নেওয়া সাবুল মিয়া নামের এক যুবক জানান, প্রতিবছর বিলে মাছ ধরতে আসি, এবারও এসেছি। মাছ পাওয়া বা না পাওয়া বড় নয়। সবাই মিলে আনন্দ করছি, হৈ হুল্লোড় করছি এটাই অনেক কিছু। তার পরও আমি একটি শোল মাছ পেয়েছি। আনন্দ লাগছে। তাঁর মতো আরো কয়েকজন মাছ শিকারী জানালেন, দীর্ঘ দিন ধরে আমাদের গ্রামে এ পলো বাওয়া উৎসব হচ্ছে। এখন মাছ কমে গেছে। আগে বেশি মাছ পাওয়া যেতো। তারপরও প্রতিবছরই এই বিলে উৎসবমুখর পরিবেশে পলো বাওয়া উৎসব হয়। পলোতে ধরা পড়ছে বোয়াল, শোল, মাগুর, গজারসহ বিভিন্ন প্রজাতির মাছ।
পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এক সময় পলো বাওয়া উৎসব গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ ছিল। কালের আবর্তে হারিয়ে যাচ্ছে এ উৎসব। বাউরকা বিলে প্রতিবছরের মতো এবারও পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে করে নতুন প্রজন্মের নিকট এ উৎসবের আগ্রহ বাড়বে।