জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরবাসীর দুর্ভোগ পিছু ছাড়ছে না। দিন দিন নাগরিক দুর্ভোগ বাড়ছেই। টানা তিনদিনের বৃষ্টিপাতে নগরবাসী পানিবন্দি হয়ে পড়েছেন। রবিবার পৌরশহরের বিভিন্ন স্থান সরজমিন ঘুরে দেখা যায়, শহরের প্রধান ব্যস্ততম এলাকা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মোড় হতে পৌরপয়েন্ট পর্যন্ত এবং জগন্নাথপুর-টিএনটি রোডটি বৃষ্টির পানিতে ডুবে গেছে। ওই সড়কের পাশের ড্রেনটি অকেজো হয়ে পড়ায় পানি নিস্কাশন হচ্ছে না। এছাড়া বৃষ্টির পানিতে শহরের উপজেলা পরিষদ রোড,
উত্তর ইকড়ছই এলাকা, থানা রোড, রানীগঞ্জ রোডসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা গেছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ।
পৌর পয়েন্টস্থ এম.আর ষ্টোরের স্বত্তাধিকারী আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুজিব জানান, শহরের প্রাণকেন্দ্র বলে খ্যাত জগন্নাথপুর টিএনটি রোড। এ সড়কের পাশের ড্রেনটি কৃর্তপক্ষ ভরাট করে দেওয়ায় সামান্য বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। এছাড়া ওই সড়কে কোনো সংস্কার না হাওয়ায় সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। যে কারণে নাগরিকরা অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। এ থেকে কি করে পরিত্রাণ মিলবে কেউ জানে না।
এদিকে পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দুই পাশে শতাধিক ব্যবসায়ী পানিবন্দি হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এলাকায় সামান্য বৃষ্টি হলেই বন্যার রূপ নেয়। ওই সড়কের ব্যবসায়ী নুরুল জানান, সকাল থেকে বৃষ্টির পানিতে সড়কটি ডুবে গিয়ে আমার দোকানে পানি ঢুকে গেছে। দীর্ঘদিন ধরেই এলাকায় এ রকম অবস্থা বিরাজ করছে বলে তিনি জানান।
আরেক ব্যবসায়ী নুরুজ্জামানজানান, সড়কের পাশের ড্রেনটি ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় বৃষ্টির পানি আটকে যায়। কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ জানান নাগরিক দুর্ভোগ কমাতে আমরা চেষ্টা করছি।


