জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের হাত থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে তার স্বজনরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশ আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে।
গতকাল রোববার দুপুর ১টার দিকে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সালদিকা (গোয়াসপুর) গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালদিকা গ্রামের আলাউদ্দিনের ভাই আপ্তাব উদ্দিন একটি চেক ডিজঅনার মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। গতকাল দুপুরে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও এএসআই শাহিন আহমদের নেতৃত্বে একদল পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় আসামীর ভাই আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে আসামীর স্বজনরা পুলিশের হাত থেকে আসামি আপ্তাব উদ্দিনকে ছিনিয়ে নেয়। তবে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, তার ছেলে রায়হান আহমদ ও আব্দুল হামিদকে আটক করেছে পুলিশ। তবে এসব বিষয়ে থানা পুলিশ এই মুহূর্তে কোন তথ্য জানালে অপরাগতা জানায়।
অভিযানে অংশ নেয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের সঙ্গে যোগযোগের চেষ্টা করেও তা^র বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযানে থাকা এএসআই শাহিন আহমদ বলেন, ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করুন।
এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, তদন্তের প্রয়োজনে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পরে জানানো হবে বলে তিনি জানান। আটকের বিষয়ে তিনি কোন তথ্য নিশ্চিত করেননি।
সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী বলেন, একটি চেক ডিজঅনার মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টের আসামী ছিলেন আপ্তাব উদ্দিন। পুলিশ থাকে আটক করলেও এসময় অতর্কিতভাবে আসামীর পক্ষের লোকজন হামলা করে আসামীকে পালিয়ে যেতে সহায়তা করেছে। এঘটনায় থানায় তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।


