জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের সৈয়দপুর হাড়িকোণা গ্রামের লন্ডন প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলার সৈয়দপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসি খোকন কোরেশীর বাড়িতে রাত আড়াই টার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাসার কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে লন্ডন প্রবাসি খোকন কোরেশীর বাবা ফয়জুরনুর কোরেশীকে প্রথমে জিম্মি করে । পরে পরিবারের অন্যান্য লোকজনকে বেঁেধ নগদ অর্থ, ৮ ভর্তি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গৃহকর্তা ফয়জরনুরের পুত্র নয়ন কোরেশী (৩৫)কে ডাকাতরা মারধর করে আহত করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
লন্ডন প্রবাসির চাচাত ভাই মিজান কোরেশী জানান, মুখোশধারী ১০/১৫ জনের অস্ত্রধারী একদল ডাকাত রাত আড়াইটার দিকে বাড়ির লোহার গেইটের তালা ভেঙ্গে অস্ত্রের মুখের পরিবারের লোকজনকে জিম্মি করে প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরছালিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।


