জগন্নাথপুরে বিব্রত বিদ্যুৎ কর্মকর্তা

জগন্নাথপুর অফিস
সোমবার সকাল সাড়ে ১১টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চলছিল জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। সভায় অস্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠলে ইউএনও মোঃ মাসুম বিল্লাহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের খোঁজ করেন। সভায় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যুত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পাভেল রহমান। এসময় ইউএনও বিদ্যুতের অসহনীয় যন্ত্রণায় কথা তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। আসন্ন  শারদীয় দূর্গা পূজার সময় বিদ্যুৎ বিভাগের প্রস্তুুতি বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা মাইক হাতে নিতেই     
বিদ্যুৎ চলে যায়। সাথে সাথে সভায় হাস্যরসের সৃষ্টি হয়। বিব্রত ওই কর্মকর্তা মুঠোফোনে যোগাযোগ করেন। বিদ্যুৎবিহীন মাইক ছাড়াই উচ্চস্বরে তাকে বক্তব্য দিতে হয়। এসময় তিনি বিদ্যুতের মুল ৩৩ হাজার কেভি লাইনের নানা সমস্যার কথা তুলে ধরে শারদীয় দুর্গা পূজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুত নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত গত দুই দিন ধরে এ উপজেলায় অস্বাভাবিকভাবে বিদ্যুতের লোডশেডিং চলছিল। রোববার সন্ধ্যায় বিক্ষুব্ধ গ্রাহকরা স্থানীয় বিদ্যুৎ অফিস ঘণ্টাব্যাপী ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।