আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কে গত চার দিন সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে জনদুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ।
গতকাল শুক্রবারও বিকেল চার সাড়ে টা পর্যন্ত এই সড়কে সরাসরি যান চলাফেরা বন্ধ ছিল।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কের জালালপুর ভাঙাবাড়ি নামক স্থানে কুশিয়ারা নদীর পাশে নির্মিত বেড়িবাঁধ এলাকায় স্থানীয় রব্বানী মিয়া নামে এক ব্যক্তি যানবাহন চলাচলের পথ বেড়া দিয়ে বন্ধ করে দেন। স্থানীয়রা এতে বাধা প্রদান করলে তিনি জানান, জগন্নাথপুরের ইউএনও’র নির্দেশে বাঁধ রক্ষায় বেড়া দেয়া হয়েছে।
এলাকাবাসি জানান, ওই সড়ক দিয়ে স্বল্প সময়ে উপজেলাবাসী বেগমপুর হয়ে রাজধানী ঢাকা শহরে যাতাযাত করতে পারেন। সড়কে বেড়া দেওয়ার কারণে উপজেলা সদরের সঙ্গে সরাসরি যান চলাচল বিঘিœত হয়। জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের অটোরিকশা মালিক সমিতির সভাপতি আব্দুল মুকিত জানান, সড়কে বেড়া দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে প্রশাসনের দোহাই দিয়ে। গত চার দিন ধরে উপজেলা সদরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। গতকালও যান চলাফেরা বন্ধ ছিল।
স্থানীয় পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মুখছিল মিয়া বলেন, সড়কে বেড়া দিঢে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে অবহিত করেছি।
এবিষয়ে অভিযুক্ত রব্বানী মিয়ার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, সড়কে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য কাউকে বলা হয়নি। আজ (গতকাল) বিকেলে খবর পেয়ে আমি প্রশাসনের লোকজন পাঠিয়েছি ঘটনাস্থলে।


