জগন্নাথপুরে মনোনয়নপত্র দাখিল চলছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জগন্নাথপুর অফিস
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সোমবার মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকাল থেকে ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে প্রার্থীরা তাদের সমর্থকের নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিছিল সহকারে রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় মিছিলে    মিছিলে প্রকস্পিত হয়ে উঠে পুরো পরিষদ প্রাঙ্গণ। আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা যারা ব্যাপক শো-ডাউনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন তারা হলেন, পাটলী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়া, তিনি মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে পাটলী থেকে উপজেলা সদরে এসে মনোনয়নপত্র দাখিল করেন। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি আরশ মিয়া ইঞ্জিন চালিত নৌকায় করে মিছিল সহকারে উপজেলা সদরে আসেন।  রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী আবু ঈমানী মিছিল নিয়ে শোডাউন করে উপজেলায় মনোনয়নপত্র জমা দিতে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  
এছাড়াও বিএনপির বিদ্রোহী প্রার্থী মাওলানা দবিরুল ইসলাম শোডাউনের মাধ্যমে  মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের অনেকেই তাদের সমর্থকদের বিরিয়ানী দিয়ে আপ্যায়ন করান। এতে করে রেস্তুরাগুলোতে দিনভর ভীড় ছিল। তবে প্রার্থীরা মিছিল সহকারে উপজেলা পরিষদে গেলেও প্রস্তাব ও সমর্থককারীসহ ৫জন কে নিয়ে নিয়েই মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা রির্টানিং অফিসার উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, প্রার্থীরা বাহিরে মিছিল দিয়ে থাকলে জানা নেই। আমরা ৫জনের বেশী মনোনয়নপত্র জমা দিতে কাউকে সুযোগ দেইনি। এছাড়াও আচরণবিধি লঙ্ঘন না করে অনেকটা নীরবে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁরা হলেন কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বিপক কান্তি দে, জাতীয়পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গয়াছ মিয়া, পাটলী ইউনিয়নে জাতীয় পার্টি নেতা দবির মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফারুক মিয়া আশারকান্দি ইউনিয়নে আইয়ুব খাঁন ও স্বতন্ত্র প্রার্থী হীরা মিয়া, পাইলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের আপ্তাব উদ্দিন, আওয়ামী লীগ বিদ্রোহী মঞ্জুর আলী আফজল।
যাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ উঠেছে তারা এ প্রতিবেদককে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেন,‘ইউনিয়নের লোকজন নিজ উদ্যোগে মনোনয়নপত্র জমা দেয়ার সময় এসেছিলেন। আমরা নিয়ম মেনেই মনোনয়নপত্র দাখিল করেছি। চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি সাধারণ ওয়ার্ডের ৬৫জন  সদস্য ও সংরিক্ষত মহিলা সদস্য ১৪জন সোমবার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ সদস্যপদে প্রার্থীদের অনেকেই মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দেন।
জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন নির্বাচনের প্রধান সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, প্রার্থীদের সর্তক করা হয়েছে। যাতে তারা নির্বাচনী আচরন বিধি মেনে মনোনয়নপত্র দাখিল করেন।